স্তন ক্যানসার বিষয়ে দেশজুড়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে তুলে ধরতে ঢাকা থেকে বরিশাল অভিমুখে শুরু হয়েছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা-২০২৬’। গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকা থেকে স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে এ বিশেষ প্রচারমূলক কর্মসূচির যাত্রা শুরু হয়। এতে দেশের অর্ধশতাধিক সক্রিয় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন অংশ নেয়।
গোলাপি রঙে সজ্জিত একটি বিশেষ বাসে বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, অভিজ্ঞ সার্জন, ক্যানসারজয়ী যোদ্ধা, সমাজকর্মী ও সংস্কৃতিকর্মীরা এই সচেতনতামূলক অভিযাত্রায় যোগ দিয়েছেন।
গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, কালকিনি, টরকী বন্দর, গৌরনদী, বাটাজোর,
শিকারপুর ও উজিরপুর হয়ে বরিশালে পৌঁছায়। পথিমধ্যে নির্ধারিত স্থানগুলোতে সচেতনতামূলক সেশন ও লিফলেট বিতরণ করা হয়।
পরবর্তী পর্যায়ে দলটি বরিশাল থেকে নলছিটি, ঝালকাঠি, দুর্গাসাগর, বানারীপাড়া, বাবুগঞ্জ, রহমতপুর, মস্তফাপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নড়িয়াসহ দক্ষিণাঞ্চলের প্রায় ৪০টি ছোট-বড় জনপদে প্রচার কার্যক্রম পরিচালনা করবে। স্থানীয় অংশীজনদের সম্পৃক্ত করে মাঠপর্যায়ে তথ্য পৌঁছে দিয়ে কর্মসূচি শেষে প্রতিনিধিদলটি ঢাকায় ফিরবে।
এর আগে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও বিশিষ্ট ক্যানসার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ভয় বা সংকোচ নয়; বরং তৃণমূল পর্যায়ে নিয়মিত স্ক্রিনিং, দ্রুত পরীক্ষা এবং লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে।
ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ও ক্যানসার প্রতিরোধ বিশেষজ্ঞ ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন, নিয়মিত স্ক্রিনিং ও সামাজিক সচেতনতাই স্তন ক্যানসারজনিত মৃত্যুহার কমিয়ে আনার অন্যতম কার্যকর উপায়।
এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা দিচ্ছে ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ, গণস্বাস্থ্য কেন্দ্র, সিওসি, ওয়াইডব্লিউসিএ, খোরশেদ জাহান হক ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটাল, নারীপক্ষ, মানবিক উন্নয়ন কেন্দ্র, পল্লীমা মহিলা পরিষদ, অপরাজিতা, টিএমএসএস ও রোটারি ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
আয়োজকদের প্রত্যাশা, তৃণমূল পর্যায়ের এ কর্মসূচি স্তন ক্যানসার নিয়ে বিদ্যমান সামাজিক কুসংস্কার দূর করে সাধারণ মানুষকে সঠিক সময়ে চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করবে।
