প্রকাশিত: ২২:৫৪, ১৬ অক্টোবর ২০২৬
ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত মো. আলী (৬০) নামের একজন মারা গেছেন। এ ঘটনায় আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত রেজাউল মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয় জন আহত হন। এর মধ্যে কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহতের ভাতিজা খোকন জানান, চাচা যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলার দিকে আসছিলেন। পথে দালাল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজন মারা গেছেন।
বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
