দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
চোরবাগান কাণ্ডে ধৃত দুই ঘোষকই বর্তমানে রয়েছেন পুলিশের হেফাজতে। দুর্ঘটনার সন্ধ্যায় ‘মণ্ডপ ভেঙে পড়ছে’ বলে যে ঘোষণা হয়েছিল বলে অভিযোগ, তা বিষয়ে বিস্তারিত তথ্যসংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা। তাই দুই ঘোষক সঞ্জীব রাহা ওরফে সেন্টু এবং কুশল মজুমদার ওরফে কালিয়াকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন তাঁরা। তাঁদের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি, বিপর্যয়ের রাতে কোন সময়ে কী ঘটেছিল, সেই ঘটনাক্রমের বিষয়েও ধৃতদের জেরা করে আরও স্পষ্ট হতে চাইছে পুলিশ।
প্রতি মাসের শেষ রবিবার দেশবাসীর উদ্দেশে নিজের ‘মন কী বাত’ কর্মসূচি দিয়ে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবরাত্রির পরেই আসছে দীপাবলি। এই মুহূর্তে দেশ উৎসবের মরসুম কাটাচ্ছে। আজ তাই দশেরা এবং আসন্ন দীপাবলি নিয়ে তিনি কথা বলতে পারেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের জেলা পূর্ব মেদিনীপুরে বিজেপি আয়োজিত কোনও ‘মন কী বাত’ কর্মসূচিতে যোগদান করতে পারেন বলেই নবান্ন সূত্রে খবর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, সোমবার সকালের মধ্যেই সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে যাবে। তা উপকূলের কাছাকাছি পৌঁছোতে পারে বুধবারের মধ্যে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ উপকূলেও। রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস।
