কালবেলা · সাধারণ
অল্প সময়ে কালবেলা অনেক জনপ্রিয়তা পেয়েছে: এমপি নায়াব ইউসুফ
১৮/১০/২০২৬

ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, দৈনিক কালবেলার প্রতিষ্ঠার বয়স মাত্র চার বছর, এই অল্প সময়ে পত্রিকাটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। পত্রিকাটির অনেক নাম শোনা যায়, আমি জানতাম না প্রতিষ্ঠার বয়স মাত্র চার বছর। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি, কালবেলা এভাবেই চলতে থাকুক।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি নায়াব ইউসুফ বলেন, ফরিদপুরের সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করছেন। আমরা চেষ্টা করছি ন্যায়ের পথে থেকে এ দেশের উন্নয়নের কাজ করে যেতে। এটা ছাড়া এখন আর কোনো উপায় নেই। ১৭ বছর ফ্যাসিস্ট সরকার আমাদের দেশকে ১০০ বছর পিছিয়ে দিয়ে গেছে। প্রতিটি সেক্টরে এখনো দেখি সাংবাদিকরা সেই ভয়ের মধ্যে দিয়ে কাজ করে, ১৭ বছরে যে ভয়টা তাদের মধ্যে ছিল।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি আশা করব ফরিদপুরে যে উন্নয়ন হচ্ছে, তা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরবেন। কারণ সবার জানতে হবে যে, আমাদের সরকার দেশের জন্য কি কাজ করছে।
ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল,
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, দৈনিক কালবেলার ফরিদপুর জেলা প্রতিনিধি মেহেদী সোহেল, চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি আসলাম বেপারী, সালথা উপজেলা প্রতিনিধি আকাশ সাহা, সদরপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, নগরকান্দা উপজেলা প্রতিনিধি আবুল হাসনাত উজ্জল ও ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আগত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নির্ভয়ে ও বস্তুনিষ্ঠভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
এ সময় বক্তারা দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এর আগে, সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদকে ফরিদপুর কালবেলা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মূল প্রতিবেদনে যান ↗