বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং এর জেরে দীর্ঘমেয়াদে চড়া সুদের হার বজায় থাকার আশঙ্কায় স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে গেছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আজ বাংলাদেশ সময় দুপুর ১টা ২১ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯৫ ডলার ৭৫ সেন্টে নেমে আসে। এর আগে সেশনের শুরুতে তা গত ৭ অক্টোবরের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। এছাড়া আগামী ডিসেম্বর মাসের জন্য মার্কিন গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৪ হাজার ১১২ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। ওয়ানডার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং জানান, তেলের উচ্চমূল্য দীর্ঘমেয়াদে সুদের হার বাড়িয়ে দেওয়ার সম্ভাবনাকে জোরালো করছে, যা ইল্ড বা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দিচ্ছে।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ২৭-২৮ অক্টোবরের বৈঠকে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ১৫ শতাংশ ধরা হলেও ডিসেম্বরে তা বাড়িয়ে হার বৃদ্ধির সম্ভাবনা ৮৭ শতাংশে মূল্য নির্ধারণ করছেন ব্যবসায়ীরা। এছাড়া আগামী ২৯ অক্টোবর মার্কিন ব্যক্তিগত খরচ বা ভোগ ব্যয় ডেটা প্রকাশের কথা রয়েছে, যা মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির পরবর্তী দিকনির্দেশনা বুঝতে সাহায্য করবে।
এদিকে অন্যান্য ধাতব বাজারেও দরপতন লক্ষ্য করা গেছে। স্পট সিলভার ৩ দশমিক ৩ শতাংশ কমে ৫৬ ডলার ০৬ সেন্ট, প্ল্যাটিনাম ২ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৫৯৪ ডলার ৯৬ সেন্ট এবং প্যালাডিয়াম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৬১ ডলারে নেমে এসেছে।
