নোয়াখালীর হাতিয়ায় জাহাজমারা-মোক্তারিয়া সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় প্রধান শিক্ষক আশরাফুল ইসলামকে লাঞ্ছিত ও গাছে বেঁধে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যসহকারী বশির আহমেদের বিরুদ্ধে; এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয়রা সড়ক অবরোধ করে নির্মাণকাজ বন্ধ করে দেন।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাহাজমারা-মোক্তারিয়া সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ করায় এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সড়ক বিভাগের কার্যসহকারী বশির আহমেদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেন এবং নির্মাণকাজ বন্ধ করে দেন।
শুক্রবার হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আসাদনগর এলাকায় নির্মাণাধীন সড়কে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পশ্চিম জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তোলেন। এ সময় তিনি সড়ক বিভাগের কার্যসহকারী বশির আহমেদের কাছে নির্মাণকাজের ডিজাইন ও সংশ্লিষ্ট দপ্তরের নকশা দেখতে চান।
শিক্ষক আশরাফুল ইসলামের অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে কার্যসহকারী বশির আহমেদ তাঁকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে মারার হুমকি দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বশির আহমেদ হাতিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নোয়াখালী সড়ক বিভাগের অধীনে হাতিয়া উপজেলায় কার্যসহকারী হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সমাজসেবক মাহবুবুর রহমান বলেন, সড়ক নির্মাণকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে তদারকি করা উচিত। স্থানীয় সচেতন ব্যক্তিরা কাজের অনিয়ম নিয়ে অভিযোগ করলে কর্তৃপক্ষের লোকজনের কাছ থেকে এ ধরনের আচরণ ও লাঞ্ছনার শিকার হতে হয়।
