Published on
:
1 min read
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি উত্তম কুমারকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এবারের দুর্গাপুজোয় এক বিশেষ ভাবনার অবতারণা করা হয়েছে। মহানায়কের অভিনয়জীবন, বাংলা সিনেমায় তাঁর অসামান্য অবদান এবং শিল্পীদের প্রতি তাঁর মানবিক দৃষ্টিভঙ্গিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। কলকাতার এক পুজোর মণ্ডপে বাঙালির সাংস্কৃতিক আবেগের সঙ্গে মহানায়কের স্মৃতিকে মিলিয়ে দেওয়া হয়েছে। এই ভাবনার অন্যতম আকর্ষণ উত্তম কুমারের অভিনীত বিভিন্ন বাংলা ছবির পুরোনো পোস্টার এবং সেই সময়ের মুদ্রণশিল্পের ঐতিহ্যকে সামনে আনা। কাঠের ব্লক, লেটারপ্রেস ও হাতে আঁকা পোস্টারের নকশার মধ্যে দিয়ে বাংলা সিনেমার প্রচারশিল্পের বিবর্তন তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
এর মাধ্যমে দর্শকরা শুধু মহানায়কের চলচ্চিত্রজগৎ নয়, সেই সময়ের শিল্প ও সংস্কৃতির ধারাও অনুভব করতে পারবেন। দুর্গাপুজোর আবহে এই উপস্থাপনা হয়ে উঠবে স্মৃতি, শিল্প ও বাঙালির নস্ট্যালজিয়ার এক অনন্য মেলবন্ধন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম কুমারের বহু ছবির নায়িকা মাধবী মুখোপাধ্যায় আর ত্বক বিশেষজ্ঞ দ্বৈপায়িকা চক্রবর্তী। এই উপলক্ষে বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বলেন, ‘উত্তম কুমার শুধু অভিনয়েই নয়, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে পিছিয়ে পড়া শিল্পীদের পাশেও দাঁড়িয়েছিলেন। তাঁকে নিয়ে এই উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত। আমার ভালো লাগছে এমন এক অনুষ্ঠানে এসে।’
অন্য দিকে, দ্বৈপায়িকা চক্রবর্তীর কথায়, ‘উত্তম কুমারের কাজ ও অবদান আজকের এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। তাই এই উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
দুর্গাপুজোর মতো সর্বজনীন উৎসবকে মাধ্যম করে মহানায়কের শিল্পীসত্তা ও মানবিক উত্তরাধিকারকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের বিশেষ তাৎপর্য। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য সংরক্ষণ এবং উত্তম কুমারের স্মৃতিকে জীবন্ত রাখার এক আন্তরিক প্রয়াস ধরা পড়বে। পুজোর মণ্ডপে এই বিশেষ ভাবনা দর্শকদের কাছে হয়ে উঠবে এক অন্যরকম সাংস্কৃতিক অভিজ্ঞতা। পুরোনো ছবির পোস্টার ও শিল্পকর্মের সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে দর্শকরা ফিরে দেখতে পারবেন বাংলা সিনেমার সোনালি দিনের ইতিহাস।
