বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন মাদরাসাগুলোর ভবনের ছাদে নতুন সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে অপারেশনাল এক্সপেনডিচার (ওঅপেক্স) মডেল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এ মডেলে বেসরকারি সরবরাহকারী প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সোলার প্যানেল স্থাপন ও রক্ষণাবেক্ষণ করবে। উৎপাদিত বিদ্যুৎ চুক্তিতে নির্ধারিত মূল্যে কিনবে সংশ্লিষ্ট মাদরাসা।
সোমবার (১২ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের অধীন সব স্তরের মাদরাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের এ বিষয়ে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০১৬-২০৩০ অনুসরণ করে সরকারি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার নিজস্ব স্থাপনায় নতুন রুফটপ সোলার প্রকল্প ওঅপেক্স মডেলে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।
এর ধারাবাহিকতায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোর নতুন সৌরবিদ্যুৎ প্রকল্পেও একই মডেল অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। মাদরাসার নিজস্ব ভবন বা স্থাপনার ছাদে নতুন সোলার প্রকল্প চালুর ক্ষেত্রে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্ধারিত কৌশলপত্র অনুসরণ করতে হবে।
ওঅপেক্স মডেলে সোলার প্যানেল স্থাপনের প্রাথমিক ব্যয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর। ফলে মাদরাসাকে নিজস্ব অর্থায়নে প্যানেল স্থাপন করতে হবে না। তবে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে।
নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের কাছেও চিঠির অনুলিপি পাঠিয়েছে বোর্ড।
