কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি। গত বৃহস্পতিবার কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত ফাঁড়ির আভিযানিক দল এসব মালামাল উদ্ধার করে। বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে মালামাল পাচারের গোপন সংবাদে ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা দামের অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। অন্যদিকে, তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৮০ হাজার টাকা দামের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধার করা পণ্যের বাজারমূল্য ৮ লাখ ২০ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তে বিজিবির জিরো টলারেন্স নীতি ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।