কক্সবাজার ও বান্দরবানের ৩৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা দেবে এসআরবি-১৫
টেকনাফ প্রতিনিধি
- আপডেট সময় : ১০:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার ও বান্দরবানের ৩৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। বিশৃঙ্খলা, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর কক্সবাজারে ৩২৪টি এবং বান্দরবানে ৩৩টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি দুই জেলার সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এসআরবি-১৫ মোবাইল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এ জন্য গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে।
নিরাপত্তায় নিয়মিত টহল, মোটরসাইকেলে পেট্রোলিং ও সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকেন্দ্রিক গুজব ও অপপ্রচার ঠেকাতে সক্রিয় রাখা হয়েছে অনলাইন মনিটরিং সেল। নারী দর্শনার্থীদের উত্ত্যক্ত করা ও হয়রানি প্রতিরোধেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূজামণ্ডপের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সমন্বয় রাখা হচ্ছে। ব্যাটালিয়ন সদরের কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
এসআরবি-১৫-এর দাবি, এখন পর্যন্ত নাশকতার কোনো তথ্য বা আশঙ্কা পাওয়া যায়নি। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি ও প্রস্তুতি অব্যাহত রয়েছে। সন্দেহজনক কার্যকলাপ বা অপ্রীতিকর ঘটনার লক্ষণ দেখা গেলে দ্রুত ব্যাটালিয়নকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।
