দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো এক আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে গ্রেপ্তারের এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাঠানো বার্তায় উল্লেখ করা হয়, গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে বিমানবাহিনীর সাবেক এই প্রধান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করে দুদক।
দায়ের হওয়া প্রথম মামলার এজাহারে বলা হয়, শেখ আব্দুল হান্নান জ্ঞাত আয়ের উৎসের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। এছাড়া তাঁর নামীয় ছয়টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব আর্থিক অনিয়মের দায়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়।
অন্যদিকে দ্বিতীয় মামলায় তাঁর স্ত্রী তাহমিদা বেগমকে প্রধান অভিযুক্ত করে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তাঁর ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহভাজন লেনদেন চিহ্নিত করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার কারণে এ মামলাটিতেও শেখ আব্দুল হান্নানকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের পাশাপাশি দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন শেখ আব্দুল হান্নান। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালের ১১ জুন তিন বছর মেয়াদি দায়িত্ব পালন শেষে অবসরে যান।
