সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগ মুনাফা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ সময়ে বিনিয়োগের বিপরীতে সর্বনিম্ন ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৭২ শতাংশ মুনাফা অর্জিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে পেনশন স্কিমগুলোর বিনিয়োগ থেকে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা হয়েছে। কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ মুনাফা গ্রাহকদের মধ্যে বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়।
আইন ও বিধিমালা অনুযায়ী, প্রত্যেক গ্রাহকের জমার পরিমাণ ও সময়কালের ভিত্তিতে অর্জিত মুনাফা তাঁদের নিজ নিজ পেনশন হিসাবে (করপাস হিসাবে) যোগ করা হয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়ানো এবং গ্রাহকদের জমার অর্থের নিরাপত্তা ও যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে কর্তৃপক্ষ স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। মুনাফা বণ্টনের ফলে গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন এবং এ কার্যক্রম আরও গতিশীল হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট গ্রাহকদের পেনশন হিসাবে অর্জিত মুনাফার হিসাব যোগ করা হয়েছে।
