প্রত্যেকদিন সংসদে দাঁড়িয়ে টিয়া পাখির মতো মিথ্যা কথা বলছে বিএনপি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে জুলাই সনদের ১৮টি ধারা নিয়ে প্রতারণা করেছে। জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে তারা প্রতিটি পদে পদে জাতির সঙ্গে প্রতারণা করছে।
রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে আয়োজিত 'জুলাই সনদের ১ বছর, প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সালাউদ্দিন আহমেদ যেভাবে প্রধানমন্ত্রীকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দিয়েছেন, প্রধানমন্ত্রী হয়তো আপাতত খুশি আছেন। প্রধানমন্ত্রী যদি হাসপাতাল পরিদর্শন করতে হয়, তাহলে বুঝে নিতে হবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে হাসপাতাল পরিদর্শন যার করার কথা, সেটির স্ট্রাকচার কলাপ্স করেছে। প্রধানমন্ত্রীকে এখন ময়লা পরিষ্কার করার কথা বলতে হয়, ফুটপাত পরিদর্শন করতে হয়, তার মানে যে স্ট্রাকচার রয়েছে, সেটি আর কাজ করছে না।
তিনি আরও বলেন, এ রাষ্ট্রের ইনস্টিটিউট গুলো ভারসাম্য নষ্ট করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশের ব্যবসায়ী স্বার্থের জন্য। এ দেশ যদি ভারসাম্য নষ্ট হয়ে থাকে, তাহলে লাভ হচ্ছে কার? সালাউদ্দিন, মীর শাহে আলমের মতো ব্যবসায়ীদের। যারা এস আলমের ব্যবসায়ীর ঠিকাদার নিয়েছেন। যারা ৫ই আগস্ট এর পর দেশে এসে প্রভাবশালী মন্ত্রীর ভূমিকায় আবির্ভূত হয়েছে।
এনসিপির এই নেতা বলেন, নতুন করে যারা বিএনপি সেজেছে তারা এখন বিএনপিকে ডিফেন্ড করে। কিন্তু, আজীবন ধরে যারা বিএনপি করে এসেছে, তারা লজ্জায় এখন ক্যামেরার সামনে আসে না।
আলোচনা সভায় এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
