পেশায় ডেন্টাল সার্জন হয়েও মডেলিং ও অভিনয়ে নিজের জায়গা তৈরি করতে চান বরিশালের মেয়ে ডা. মোনালিসা। চিকিৎসাসেবার পাশাপাশি র্যাম্প শো ও নাটকে কাজ করছেন তিনি, স্বপ্ন দেখছেন আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার।
মেধা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতাকে পুঁজি করে দুটি ভিন্ন জগতে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে চান ডা. মোনালিসা। চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের পাশে থাকার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও নিজের অবস্থান তৈরির চেষ্টা করছেন তিনি।
শিক্ষাজীবন থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন মোনালিসা। মেডিকেল বিষয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি ডেন্টাল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজস্ব চেম্বারে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি পেশাগত দক্ষতা বাড়ানোর দিকেও তাঁর বিশেষ মনোযোগ রয়েছে।
চিকিৎসক পরিচয়ের বাইরে নিজের সৃজনশীল সত্তাকে বিকশিত করার আগ্রহ তাঁকে নতুন পথে এগিয়ে নিচ্ছে। সাংস্কৃতিক অঙ্গনের প্রতি তাঁর আগ্রহ ছোটবেলা থেকেই। স্কুলজীবনে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার মধ্য দিয়ে শিল্প-সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসা গড়ে ওঠে। সময়ের সঙ্গে সেই আগ্রহ আরও গভীর হয়, যা তাঁকে মডেলিংয়ের জগতে কাজ করার অনুপ্রেরণা জোগায়। পরবর্তী সময়ে র্যাম্প শোতে অংশ নিয়ে নিজের আত্মবিশ্বাস, উপস্থাপনা ও ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরেন তিনি।
মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও আগ্রহী মোনালিসা। ইতোমধ্যে তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের মাধ্যমে অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিনোদন অঙ্গনে আরও ভালো কাজ করার প্রত্যাশা রয়েছে তাঁর। চিকিৎসাসেবার ব্যস্ততার মধ্যেও সময় ও সুযোগকে কাজে লাগিয়ে দুটি ক্ষেত্রেই এগিয়ে যেতে চান তিনি।
মোনালিসার লক্ষ্য শুধু দেশীয় অঙ্গনে পরিচিতি তৈরি করা নয়, আন্তর্জাতিক পর্যায়েও নিজের প্রতিভা তুলে ধরতে চান তিনি। এ জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন, আত্মবিশ্বাস ধরে রাখা এবং নিয়মিত পরিশ্রমের ওপর গুরুত্ব দিচ্ছেন।
চিকিৎসক হিসেবে মানুষের সেবা এবং মডেলিং-অভিনয়ের মাধ্যমে সৃজনশীলতার প্রকাশ-এই দুইয়ের সমন্বয়ে ভবিষ্যৎ গড়তে চান ডা. মোনালিসা। তাঁর বিশ্বাস, একাগ্রতা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে ভিন্নধর্মী স্বপ্নও বাস্তবে রূপ দেওয়া সম্ভব। সেই প্রত্যয় নিয়েই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন তিনি।
বিআলো/শিলি