দ্রুত গতিতে ছুটে এসে মোটরবাইকে ধাক্কা মারে একটি স্করপিও। এর ফলে গুরুতর আহত হয়েছেন দুই পড়ুয়া। ঘটনাটি রাজস্থানের জোধপুরে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৮ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
সংবাদ প্রতিবেদন অনুসারে, ওই দুই পড়ুয়ার নাম রক্ষিত অগ্রবাল এবং নিষ্ঠা অগ্রবাল। জানা গিয়েছে, ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে, তাঁরা দু’জনেই শূন্যে ছিটকে গিয়ে মাটিতে পড়েন। ঘটনার পর তাঁদের সাহায্য করতে ছুটে আসেন আশপাশের মানুষজন। চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় দুই পড়ুয়াকে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, তা যদিও জানা যায়নি।
পুলিশ সূত্রে খবর, মোটরবাইকটিতে ধাক্কা দেওয়ার পর ওই পড়ুয়াদের সাহায্য করার জন্য থামেননি স্করপিওর চালক। গাড়িটি কিছুটা পিছিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেন তিনি। জোধপুরের ফিফথ রোড এলাকায় এই সংঘর্ষটি ঘটে। এলাকার সিসিটিভি ফুটেজে সেটি ধরা পড়েছে। গাড়িটির অবস্থান শনাক্ত করতে শহর জুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে খবর। তবে, এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।
‘সিরাজনুরানি’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে সিসিটিভি ফুটেজের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটিতে দেখা গিয়েছে সেই ভয়াবহ সংঘর্ষের দৃশ্য। তা দেখে শিউরে উঠেছে নেটপাড়া। গাড়িটির চালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সকলেই।
