ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করেছে দিল্লি পুলিশ। সোমবার, ১২ অক্টোবর পুলিশ কমিশনার অনুরাগ কুমারের স্বাক্ষরিত এক নির্দেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নির্দেশনায় বিক্ষোভ-সমাবেশের বিকল্প স্থান হিসেবে তিনটি জায়গার নাম উল্লেখ করা হয়েছে। এগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। এসব স্থানে বিক্ষোভ আয়োজনের জন্য পৃথক নিয়ম ও কার্যপদ্ধতি জারি করা হবে বলে জানিয়েছে পুলিশ।
২০২২ সালের এপ্রিলে যন্তর মন্তরকে বিক্ষোভ ও সমাবেশের স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছিল দিল্লি পুলিশ। নতুন নির্দেশের মাধ্যমে আগের সিদ্ধান্ত কার্যত বাতিল করা হলো।
সম্প্রতি ভারতের তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যন্তর মন্তর আলোচনায় আসে। গত ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেখানে বিক্ষোভের উদ্যোগ নিয়েছিল সংগঠনটি। তবে নিরাপত্তাব্যবস্থার কারণে কর্মসূচি পালন করতে পারেনি তারা।
সংগঠনটির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছিলেন, যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছে। সেই আবেদনের জবাবের অপেক্ষার মধ্যেই বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধের নতুন নির্দেশ জারি করল দিল্লি পুলিশ।
