ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার একটি পূজামণ্ডপে গিয়ে দেবী দুর্গার প্রতিমার প্রতি ভক্তি প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এ বিতর্কের মধ্যেই ধর্মের নামে অন্যায়-অনিয়মের সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রুমিন ফারহানা বিভিন্ন অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরেন। তিনি প্রশ্ন তোলেন, এসব অন্যায়কে ধর্মের সঙ্গে মিলিয়ে দেখা না হলেও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শনকে কেন ধর্মীয় বিতর্কের বিষয় করা হয়।
পোস্টে তিনি বলেন, ‘বলাৎকারে ধর্ম যায় না’, ‘ঘুষ খেলে ধর্ম যায় না’, ‘শিশু ধর্ষণ বা নির্যাতনে ধর্ম যায় না’, ‘মানুষ খুনে ধর্ম যায় না’ এবং ‘নারীর ওপর সহিংসতায় ধর্ম যায় না’। এভাবে মোট ২২টি বিষয় উল্লেখ করে ধর্মকে অন্যায় ও অনৈতিক কাজের ঢাল হিসেবে ব্যবহারের সমালোচনা করেন তিনি।
পোস্টের শেষাংশে রুমিন ফারহানা লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’
একই পোস্টে তাকে নিয়ে তৈরি একটি ছবিও শেয়ার করেন তিনি। সেখানে দেবী দুর্গার প্রতিমার হাতের সংখ্যা প্রসঙ্গে মন্তব্য করে লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’
এর আগে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরের সূর্যকান্দি দাসপাড়ার একটি পূজামণ্ডপে যান রুমিন ফারহানা। সেখানে দেবী দুর্গার প্রতিমার প্রতি ভক্তি প্রদর্শনের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে ঘিরে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
