নারী হ্যান্ডবল টুর্নামেন্টের এশিয়া জোন-২ পর্বে মালদ্বীপকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারায় স্বাগতিক দল। আগামী বৃহস্পতিবার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধেই দাপট দেখায় বাংলাদেশ। বিরতিতে ১৬-৫ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ১৭ গোল করে। এ সময় মালদ্বীপের মেয়েরা ১৫ গোল করলেও ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার সুযোগ পায়নি। শেষ পর্যন্ত ১৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের সানজিদা আক্তার ৮ গোল করে ম্যাচসেরা হয়েছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ভারত ম্যাচের ভুলগুলো শুধরে এই ম্যাচে ভালো খেলার চেষ্টা করেছি। ফাইনালে সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’
নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরে যায় স্বাগতিকরা। ফলে ফাইনালে ওঠার সমীকরণে মালদ্বীপের বিপক্ষে জয় ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য পূরণ করেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আনা আলোনসো ফ্রাগুয়ার দল।
এর আগে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। ফলে বৃহস্পতিবারের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
ব্রোঞ্জ পদকের ম্যাচে আগামীকাল (বুধবার) নেপাল ও মালদ্বীপ মুখোমুখি হবে। বৃহস্পতিবার পরিবর্তিত সূচি অনুযায়ী বেলা ৩টায় ফাইনালে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
