যশোরের বারান্দী মোল্লাপাড়ায় নারকেল চুরির অপবাদে মারধরের শিকার স্বাধীন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত স্বাধীন পূর্ব বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা এলাকার টিপু হোসেনের ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, নারিকেল চুরির অপবাদ দিয়ে স্বাধীনকে মারধর এমনকি দুই পুলিশ সদস্যের সামনেই তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ছেলেকে হারিয়ে জড়িতদের বিচার দাবি করেছেন তার মা-বাবা। জানা যায়, গত ১৮ অক্টোবর রাতে মোল্লাপাড়া কবরস্থান ও মালোপাড়া মন্দির এলাকায় স্বাধীনকে মারধরের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরিবারের সদস্যরা তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। নিহতের বাবার অভিযোগ, নারিকেল চুরির অপবাদ দিয়ে তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উজ্জ্বল, শহিদুল, রেজা ও তৃষ্ণা জড়িত। তার দাবি, দুই পুলিশ সদস্যের সামনেই স্বাধীনকে মারধর করা হয়। দুই পুলিশ সদস্য পূজা মন্দিরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বক্তব্য নেওয়ার জন্য খোঁজ করা হলেও তাদের পাওয়া যায়নি। স্বাধীনের মা হত্যার বিচার দাবি করে বলেন, ছেলেকে হারিয়ে তিনি ন্যায়বিচার চান। ওসি কবির হোসেন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।