সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, পূজার উৎসবে আইনশৃঙ্খলার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কেউ বিশৃঙ্খলা বা সংকট তৈরির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। এ বিষয়ে সরকার ও দলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পূজামণ্ডপে ডিও প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পূজা সারা বাংলাদেশের উৎসব। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন, এটাই আমরা চাই। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, অতীতে সরকারে না থাকলেও পূজার উৎসব সবার জন্য আনন্দময় করতে বিএনপি চেষ্টা করেছে। এবারও সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি দলেরও পরিকল্পনা রয়েছে।
এ সময় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
