গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে। তবে কবে নাগাদ কার্যক্রম পুনরায় চালু হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ফ্যাক্টরি ইনচার্জ) মোহাম্মদ আবু সাঈদের স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট ২১টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ১১টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণের কাজ চালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাসহ তিন সদস্য আহত হন। আহত ওয়্যারহাউস ইন্সপেক্টর নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফায়ার ফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এদিকে, কারখানাটির জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, কারখানায় প্রায় ২০০ শ্রমিক কাজ করেন। হঠাৎ চতুর্থ তলা থেকে ধোঁয়া বের হতে দেখে শ্রমিকেরা চিৎকার শুরু করেন। পরে জরুরি অ্যালার্ম বাজানো হলে সবাই দ্রুত কারখানা থেকে বের হয়ে আসেন।
তিনি বলেন, কারখানায় কোনো দাহ্য পদার্থ নেই। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
The post ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা appeared first on ভোরের চেতনা.
