
মাগুরায় মাদক কারবারির ছুরিকাঘাতে এএসআই আহত, আটক ১
মাগুরার শালিখায় মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।
এ ঘটনায় অপু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় অন্য মাদক কারবারিরা পালিয়ে গেলে তাদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর এলাকায় আলেকের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শালিখা থানা পুলিশের একটি দল হরিশপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে অপু নামে এক ব্যক্তিকে আটক করার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে এএসআই রাকিবুল ইসলাম তাকে জাপটে ধরলে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় অপু ছুরি দিয়ে রাকিবুল ইসলামকে আঘাত করেন। এতে তিনি আহত হন।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে অপুকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। আহত এএসআই রাকিবুল ইসলামকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের এক সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় অপু নামে একজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য মাদক কারবারিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
