বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, তথ্য যাচাই ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (এমআরইউ) আয়োজন ‘এমআরইউ মিডিয়া ডে-২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিকতার নৈতিকতা, ফ্যাক্টচেকিং ও আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাংবাদিকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম শাহারিয়ার নাইম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। এ ছাড়া উপস্থিত ছিলেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও অসংগতির চিত্র উঠে আসে। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় এবং সমস্যা সমাধানের পথ তৈরি হয়।
ফরিদা খানম আরও বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ঘটনা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ না করে সংবাদ প্রকাশ করা উচিত নয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা, সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে অংশ নেন টাইমস টু ডে-এর সম্পাদক মো. মাসুম। তিনি সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। পরে ফ্যাক্টচেকিং বিষয়ে প্রশিক্ষণ দেন তাওসিফ মাহমুদ। দুপুরের খাবারের বিরতির পর প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন কালবেলার অনলাইন বিভাগের প্রধান অমৃত মালাংগী। তিনি অনলাইন সাংবাদিকতার বিভিন্ন দিক এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণ সেশন শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব এবং এ পেশায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
আয়োজনে বক্তারা বলেন, বর্তমান সময়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনে মাল্টিমিডিয়া সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছবি, ভিডিও, সরাসরি সম্প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে দ্রুততার পাশাপাশি তথ্যের নির্ভুলতা, সত্যতা যাচাই এবং পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি।
সাংবাদিকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা
এমআরইউ মিডিয়া ডে-২০২৬ উপলক্ষে ইনসাফ বারাকাহ হসপিটালের সহযোগিতায় আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। ক্যাম্পে দিনব্যাপী উপস্থিত সাংবাদিক ও অংশগ্রহণকারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি হয়, যা আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য অংশ হিসেবে বিবেচিত হয়।
আয়োজকেরা জানান, মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের সক্ষমতা উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী প্রশিক্ষণ, আলোচনা ও বিনামূল্যে চিকিৎসাসেবার মধ্য দিয়ে শেষ হয় এমআরইউ মিডিয়া ডে-২০২৬-এর আয়োজন।
সংশ্লিষ্ট সংবাদ: কর্মশালা
১১ আগস্ট ২০২৬
১৫ জানুয়ারি ২০২৬
১১ নভেম্বর ২০২৫
