দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রাজধানীর আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীনস্থ আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনের সাংগঠনিক পদ স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর আদাবর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ড্রেনেজ ও ড্রেন নির্মাণকাজে বাধা প্রদান এবং স্থানীয় ভবন মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে নয়নের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেএইচআর
