প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়েছেন চিন্ময় সুতার। ভারতের ২৯ বছর বয়সী এই ব্যাটার নাগাল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রান করে প্রথম শ্রেণির ক্রিকেটে চারশ রানের মাইলফলক স্পর্শ করা দ্বিতীয় ভারতীয় হয়েছেন। একই সঙ্গে রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও এখন মিজোরামের এই ব্যাটার।
সোভিমায় রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে নাগাল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে সুতার ছাড়িয়ে গেছেন পৃথ্বী শয়ের ৩৭৯ রানের ইনিংসকে। রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি অবশ্য এখনো ভীমসাহেব নিম্বালকরের দখলে। ১৯৪৮-৪৯ মৌসুমে কাথিয়াওয়ারের বিপক্ষে মহারাষ্ট্রের হয়ে অপরাজিত ৪৪৩ রান করেছিলেন তিনি।
বিজ্ঞাপন
নাগাল্যান্ডের বিপক্ষে ম্যাচের চা বিরতিতে ৩৯২ রানে অপরাজিত ছিলেন সুতার। এরপর ১৫৫তম ওভারে চারশো রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। তার এমন কীর্তির পর ৯ উইকেটে ৫৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে মিজোরাম। শেষ উইকেটে লালরেমপুনিয়া চাকচুয়াকের সঙ্গে অবিচ্ছিন্ন ১৮৯ রানের জুটি গড়েন সুতার। রঞ্জি ট্রফির ইতিহাসে দশম উইকেটে এটি তৃতীয় সর্বোচ্চ জুটি।
সুতারের অপরাজিত ৪০০ রানের ইনিংসটি প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে ৪০০ বা তার বেশি রানের ১২তম ঘটনা। এই তালিকায় সবার ওপরে আছেন ব্রায়ান লারা। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৫০১ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি।
বিজ্ঞাপন
তবে সুতারের কীর্তি আরও বিশেষ একটি কারণে। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিকেই চারশো রানে রূপ দেওয়া প্রথম ব্যাটার তিনি। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক সেঞ্চুরির সর্বোচ্চ ইনিংসটি ছিল বিহারের সাকিবুল গানির। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মিজোরামের বিপক্ষে ৩৪১ রান করেছিলেন তিনি।
এমএমআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
