ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারো সামরিক অভিযান চালাতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, আমরা আবারো স্বল্প পরিসরে 'এপিক ফিউরি' অভিযান চালাতে পারি। খবর রয়টার্স
এর আগে একই দিন হোয়াইট হাউসের দক্ষিণ লনে ইরান যুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে দ্রুত যুদ্ধ শেষ করতে পারে। তবে যুদ্ধ দ্রুত শেষ করা হবে, নাকি সংঘাতকে ধীরে ধীরে স্তিমিত হতে দেয়া হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প জানিয়েছিলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র।
এ নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারিত হবে। বর্তমানে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা সামান্য ব্যবধানে রয়েছে।
এদিকে যুদ্ধ আবার শুরু হলে আরো ব্যাপকভাবে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার হামলা চালালে পারস্য উপসাগরীয় অঞ্চলে সমুদ্রের তলদেশে থাকা যোগাযোগের তারগুলো লক্ষ্যবস্তু করার বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে তেহরান। ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের দুজন এ তথ্য জানিয়েছেন।
