অনলাইন ডেস্ক
বিশ্বকাপের এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচের তালিকায় জায়গা করে নিল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার লড়াই। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ছয় গোলের এই হাইভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে দারুণভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংলিশরা। ১২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন অধিনায়ক হ্যারি কেইন। প্রথম শটটি ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দিলেও ভিএআরের নির্দেশে পুনরায় নেওয়া পেনাল্টিতে লক্ষ্যভেদ করেন তিনি।
তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় ক্রোয়েশিয়া। ৩৬ মিনিটে মার্তিন বাতুরিনা দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান। কিন্তু বিরতিতে যাওয়ার আগে ডেকলান রাইসের কর্নার থেকে হেডে আবারও ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন।
প্রথমার্ধের যোগ করা সময়ে ইভান পেরিসিচের হেড থেকে পাওয়া বল জালে জড়িয়ে ২-২ সমতা আনেন পেতার মুসা। ফলে বিরতিতে সমতায় থেকেই মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় ইংল্যান্ড। ম্যাচের ৪৭ মিনিটে জুড বেলিংহাম দুর্দান্ত একক নৈপুণ্যে গোল করে আবারও দলকে এগিয়ে দেন। এরপর নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বদলি খেলোয়াড় মার্কাস রাশফোর্ড গোল করলে জয় নিশ্চিত হয় টমাস টুখেলের শিষ্যদের।
পুরো ম্যাচে আধিপত্য ছিল ইংল্যান্ডেরই। তারা মোট ২২টি শট নেয়, যার ১১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ একাধিক দুর্দান্ত সেভ করে ব্যবধান আরও বড় হওয়া থেকে দলকে রক্ষা করেন। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডও গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়ে দলের জয় সহজ করেন।
এই ম্যাচে জোড়া গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন হ্যারি কেইন। বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার তালিকায় গ্যারি লিনেকারের পাশে জায়গা করে নিয়েছেন তিনি। দুজনেরই বিশ্বকাপে গোলসংখ্যা এখন ১০। পাশাপাশি টাইব্রেকার বাদে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি গোলের রেকর্ডও নিজের করে নিয়েছেন ইংলিশ অধিনায়ক।
ম্যাচ শেষে কেইন বলেন, প্রথমার্ধে দল নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি এবং সহজেই গোল হজম করেছে। তবে বিরতিতে কোচ টমাস টুখেলের অনুপ্রেরণামূলক বক্তব্য দলের মানসিকতায় বড় পরিবর্তন আনে। দ্বিতীয়ার্ধে নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরে এসে পুরো শক্তি দিয়ে খেলায় জয় তুলে নেওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দাপুটে এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের শুরুতেই নিজেদের শিরোপা-প্রত্যাশার শক্ত বার্তা দিল ইংল্যান্ড।
