শামীম আহমেদ টিটো:
বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভারের আয়োজনে যশোরে ডে ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) যশোর পৌর পার্কে আয়োজিত এ ক্যাম্পে জেলার ৪৩টি কলেজের ৩৩১ জন রোভার ও গার্ল-ইন-রোভার এবং ৪৩ জন রোভার নেতা অংশগ্রহণ করেন।
ক্যাম্পে বিদ্যুৎ সাশ্রয়, ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোভারদের করণীয় বিষয়ে আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যশোর জেলা রোভারের সহসভাপতি অধ্যক্ষ এ জেড ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
বিশেষ অতিথি ছিলেন রোভার অঞ্চলের সাবেক সহসভাপতি সৈয়দ আযহারুল ইসলাম, রোভার অঞ্চলের সহসভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার রেক্সোনা, অধ্যক্ষ তরিকুল ইসলাম ও অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ।
আলোচনায় বক্তারা বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোভারদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তারা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে রোভারদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো এবং জনসচেতনতা সৃষ্টিতে রোভারদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
দিনব্যাপী এ ক্যাম্পে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার ও গার্ল-ইন-রোভারদের অংশগ্রহণে শিক্ষামূলক আলোচনা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
