ভোলার বোরহানউদ্দিনে তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে স্কিল প্লাস একাডেমির কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র চালু হয়েছে। প্রথম ধাপে তিনটি ব্যাচে ৭৫ জন শিক্ষার্থীকে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সড়কের কুড়ালিয়া হাউজের সামনে অবস্থিত প্রশিক্ষণকেন্দ্রটির উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কিল প্লাস একাডেমির চেয়ারম্যান মাফরুজা সুলতানা।
মাফরুজা সুলতানা বলেন, তরুণদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং বেকারত্ব কমাতে ভূমিকা রাখার লক্ষ্যেই এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষা, চাকরি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির জ্ঞান এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মেলাতে তরুণদের কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তোলা প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ তাদের প্রযুক্তিগত জ্ঞান বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।
প্রথম পর্যায়ে ৭৫ জন শিক্ষার্থীকে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ দেওয়ায় স্থানীয় তরুণদের দক্ষতা বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, নিয়মিত এ কার্যক্রম পরিচালিত হলে বোরহানউদ্দিনে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানের উপযোগী তরুণ প্রজন্ম তৈরিতে প্রতিষ্ঠানটি অবদান রাখতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফ আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আজম এবং উপজেলা যুবদলের সদস্যসচিব জসিমউদ্দীন খান। এ ছাড়া একাডেমির শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
