শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন বিজ্ঞানী জেবা ইসলাম সেরাজ। ১৪ অক্টোবর, বুধবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ‘মিট বাংলাদেশি সায়েন্টিস্টস’ শিরোনামে এটি আয়োজিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও অনুসন্ধিৎসা বাড়ানো এবং গবেষণার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করা। পাশাপাশি দেশের বিশিষ্ট বিজ্ঞানীদের সঙ্গে সরাসরি কথা বলা ও তাঁদের কাছ থেকে গবেষণার বাস্তব অভিজ্ঞতা জানার সুযোগ তৈরি করাও ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সেসের অধ্যাপক জেবা ইসলাম সেরাজ। তিনি শিক্ষার্থীদের সামনে নিজের বিজ্ঞানী হয়ে ওঠার গল্প এবং গবেষণার নানা দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর দেন।
আলোচনায় জেবা ইসলাম সেরাজ শিক্ষার্থীদের চারপাশের নানা বিষয় নিয়ে কৌতূহলী হতে এবং প্রশ্ন করতে উৎসাহিত করেন। তাঁর পরামর্শ, বাস্তব জীবনের সমস্যাগুলোকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে এবং সেগুলোর সমাধান খুঁজতে হবে। একজন সাধারণ শিক্ষার্থী থেকে বিজ্ঞানী হয়ে ওঠার পথে দৃঢ় সংকল্প, নিয়মিত চেষ্টা ও ধৈর্যের গুরুত্বও তুলে ধরেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর বিশেষ বার্তা ছিল, কোনো বাধার মুখেই হাল ছেড়ে দেওয়া যাবে না।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলমগীর কবির এবং বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. তাজউদ্দিন।

বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন আশা প্রকাশ করেছে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তুলবে। একই সঙ্গে ভবিষ্যতে বিজ্ঞানী ও গবেষক হয়ে ওঠার পথেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
