কালবেলা · সাধারণ
নেত্রকোনায় ইজিবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
১৫/১০/২০২৬

নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের একটি জঙ্গল থেকে রুকন মিয়া (৪০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হাত-পা ও মুখ কাপড় দিয়ে প্যাঁচানো ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিংহের বাংলা এলাকার নোয়াপাড়া বুইদার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুকন মিয়া মদনপুর এলাকার গিটুর পাড়ার হোসেন আলীর ছেলে। তার শ্বশুরবাড়ি নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী এলাকায়। তিনি পরিবার নিয়ে নেত্রকোনা শহরের কুরপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন রুকন মিয়া। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সিংহের বাংলা এলাকার একটি জঙ্গলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তারা মরদেহটি রুকন মিয়ার বলে শনাক্ত করেন।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, ‘দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
মূল প্রতিবেদনে যান ↗