আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা রহমাতুল্লাহ নামে এক মাদ্রাসার আরবি প্রভাষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে ধানক্ষেতে পানি দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমাতুল্লাহ প্রতাপনগর গ্রামের সুলতান আহমেদ ময়রার ছেলে। তিনি আনুলিয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসায় আরবি বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মোটরের সাহায্যে ধানখেতে পানি দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী ও দুই ছেলেসন্তান রেখে গেছেন। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

