শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
মন্ত্রী বলেন, রাজশাহী থেকে আরও তিনটি ট্রেন চালু হবে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলবে। অন্য দুটি ট্রেনের একটি রাজশাহী থেকে চট্টগ্রাম এবং অপরটি রাজশাহী থেকে কলকাতা রুটে চলাচল করবে।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, সঠিক তথ্য প্রচার করতে হবে। এমন কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়, যাতে মানুষের কাছে ভুল তথ্য পৌঁছায়।
প্রসঙ্গত, রাজশাহী থেকে আরও ছয়টি ট্রেন চালু হচ্ছে—ভূমিমন্ত্রীর বরাতে এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি নতুন করে তিনটি ট্রেন চালুর তথ্য জানান।
তবে নতুন ট্রেনগুলো কবে চালু হবে, যাত্রার সময়সূচি কী হবে এবং রাজশাহী-কলকাতা রুটে ট্রেন চলাচলের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা এখনো জানানো হয়নি।
The post চালু হচ্ছে নতুন তিন ট্রেন, একটি যাবে কলকাতা appeared first on ভোরের চেতনা.
