The Sangbad · রাজনীতি
বহিষ্কৃতরা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে : আকবর
২৪/১০/২০২৬

দুর্নীতির দায়ে দল থেকে বহিষ্কৃতরা এখনও বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন। আতঙ্ক ছড়িয়ে যারা জনগণের ভোগান্তির কারণ হয়, সেই অপশক্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।শনিবার (২৪ অক্টোবর) ফেনীর দাগনভূঞার কেরোনিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা আবুল কালামের পুড়ে যাওয়া ঘর পুনর্নির্মাণে ব্যক্তিগত আর্থিক সহযোগিতা প্রদানকালে তিনি এসব কথা বলেন।আবুল কালাম দীর্ঘদিন ধরে দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ৭ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাঁর বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে পরিবেশমন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনসহ নেতাকর্মীরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন।সহযোগিতা হস্তান্তরের সময় নেতাকর্মীদের সতর্ক করে আকবর হোসেন বলেন, ‘এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যার কারণে সাধারণ জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয়। দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও মেম্বার পদে দল থেকে একক প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। অতীতের সব ক্ষোভ-অভিমান ভুলে আসন্ন নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিনা আকবর, পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া হুদন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কামাল উদ্দিন, যুবদল নেতা ইসমাইল হোসেন সবুজ, স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মূল প্রতিবেদনে যান ↗