গাড়ির মাইলেজ কমে গেলে কী করবেন? ছবি: AI নির্মিত
Published on
:
2 min read
গাড়ি চালাতে গিয়ে হঠাৎ দেখছেন আগের তুলনায় বেশি পেট্রল বা ডিজ়েল খরচ হচ্ছে? তাহলে সব সময় বড় কোনও যান্ত্রিক সমস্যার কারণে এমন হচ্ছে, তা নয়। টায়ারে হাওয়ার ঘাটতি, নোংরা এয়ার ফিল্টার কিংবা ভুল ড্রাইভিংয়ের কারণেও গাড়ির মাইলেজ কমতে পারে। তাই মেকানিকের কাছে যাওয়ার আগে কয়েকটি বিষয় পরীক্ষা করে দেখতে পারেন।
টায়ারে হাওয়া কম আছে কি?
টায়ারে প্রয়োজনের তুলনায় হাওয়া কম থাকলে গাড়ি চালাতে ইঞ্জিনকে বেশি শক্তি খরচ করতে হয়। ফলে জ্বালানির খরচ বাড়তে পারে। তাই নিয়মিত টায়ারের হাওয়ার চাপ পরীক্ষা করুন। গাড়ি প্রস্তুতকারকের নির্দেশ অনুযায়ী হাওয়া ভরুন।
এয়ার ফিল্টার নোংরা নয় তো?
ইঞ্জিনে পরিষ্কার বাতাস পৌঁছতে সাহায্য করে এয়ার ফিল্টার। দীর্ঘদিন পরিষ্কার না করলে এতে ধুলো জমে যায়। ফলে ইঞ্জিনের কর্মক্ষমতা কমতে পারে। তাই নির্দিষ্ট সময় অন্তর এয়ার ফিল্টার পরীক্ষা ও প্রয়োজন অনুযায়ী পরিষ্কার বা পরিবর্তন করুন।
স্পার্ক প্লাগের সমস্যা
পেট্রলচালিত গাড়িতে স্পার্ক প্লাগ জ্বালানি জ্বালাতে সাহায্য করে। এটি নষ্ট বা ক্ষয়প্রাপ্ত হলে ইঞ্জিনে কম্পন, গাড়ি চালাতে সমস্যা এবং জ্বালানির খরচ বেড়ে যেতে পারে। এমন হলে স্পার্ক প্লাগ পরীক্ষা করান।
ব্রেক আটকে যাচ্ছে কি?
ব্রেক পুরোপুরি না ছাড়লে চাকার রোটেশনে বাধা তৈরি হয়। এতে ইঞ্জিনকে বেশি শক্তি ব্য়য় করতে হয় এবং মাইলেজ কমতে পারে। গাড়ি ভারী লাগলে, একদিকে টানলে বা পোড়া গন্ধ পেলে দ্রুত ব্রেক পরীক্ষা করান।
ইঞ্জিনের সমস্যা
ইঞ্জিনের থার্মোস্ট্যাট বা তাপমাত্রা সেন্সরে সমস্যা হলে ইঞ্জিন স্বাভাবিক তাপমাত্রায় কাজ করতে নাও পারে। এতে জ্বালানির খরচ বাড়তে পারে। তাপমাত্রার মিটারে অস্বাভাবিক কিছু দেখলে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
বারবার যাত্রা ও এসির ব্যবহার
অল্প দূরত্বে বারবার গাড়ি চালানো, যানজটে ঘন ঘন ব্রেক করা এবং দীর্ঘক্ষণ গাড়ি দাঁড় করিয়ে এসি চালালে জ্বালানি বেশি খরচ হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী গাড়ি ব্যবহার করুন এবং অযথা ইঞ্জিন চালু রাখবেন না।
তবে মনে রাখা উচিত মাইলেজ কমে গেলে প্রথমে টায়ারের হাওয়া ও কী ভাবে গাড়ি চালাবেন, তা দেখুন। সমস্যা চলতে থাকলে মেকানিকের সাহায্য নিন। ব্রেকের সমস্যা বা ইঞ্জিনের তাপমাত্রা অস্বাভাবিক বেশি হলে দেরি না করে অবশ্যই মেকানিকের কাছে যান।
