সংবাদ · সাধারণ
চাঁদপুরে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলে আটক
১১/১০/২০২৬

চাঁদপুরের মেঘনা নদীতে সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও মতলব উত্তর উপজেলা মৎস্য বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে মতলব উত্তর উপজেলার মেঘনা নদী এলাকায় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে এসব মালামাল ও ইলিশসহ জেলেদের আটক করা হয়। রোববার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশের নিরাপদ প্রজনন ও অবাধ বংশবিস্তার নিশ্চিত করতে নদীজুড়ে নিয়মিত টহল অভিযান পরিচালনা করা হচ্ছে। মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকার করছিলেন-এমন সংবাদের ভিত্তিতে যৌথ দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ জেলেকে হাতেনাতে আটক করে।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। আদালতে অপরাধ স্বীকার করায় সাত জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত অপর দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভবিষ্যতে এমন অপরাধ না করার মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-রাসেল মৃধা, জীবন সরকার, মো. ইমরান, মো. লোকমান, জুয়েল, কাজল ও আবু সাঈদ। তাঁদের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর, পাচানি ও আশপাশের এলাকায়।উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, ‘কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল নদীসংলগ্ন উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত ৪০ কেজি ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।’
মূল প্রতিবেদনে যান ↗