বরগুনায় বিভিন্ন পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে প্রার্থীদের তালিকা ও নাম ঘোষণা করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা। এতে বরগুনার পাঁচটি উপজেলা পরিষদ ও চারটি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বরগুনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত প্রার্থীদের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনা সদর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মো. আব্দুস শাকুরের নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও আমতলীতে উপজেলা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক জিহাদী, তালতলীতে উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মো. আফজাল হোসেন, বেতাগীতে উপজেলা শাখার সভাপতি উপধ্যক্ষ মাওলানা মো. ইউসুফ এবং পাথরঘাটায় উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এ ছাড়াও দুটি উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে আরও দুজনের নাম ঘোষণাসহ জেলার ৩৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
পৌরসভা নির্বাচনে মেয়র পদে বরগুনা পৌরসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মিজানুর রহমান কাসেমী, পাথরঘাটায় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনিরুল ইসলাম, আমতলীতে উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মো. কামরুজ্জামান এবং বেতাগী পৌরসভায় উপজেলা শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান মানিককে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রার্থী ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা ও উপজেলা শাখার বিভিন্ন নেতাকর্মীদের উপস্থিতিতে বরগুনা জেলা শাখার সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মো. আব্দুল আলীম/আরএফ
