Published on
:
1 min read
পুজোর আবহেই প্রয়াত গায়িকা নীতি মোহনের বাবা বৃজ মোহন শর্মা। ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। নৃত্যশিল্পী শক্তি মোহন, অভিনেত্রী মুক্তি মোহন এবং কৃতি মোহনেরও বাবা তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বাবার মৃত্যুসংবাদ জানিয়েছেন নীতি। কী কারণে মৃত্যু হয়েছে তাঁর, এখনও জানা যায়নি।
বাবাকে নিয়ে আবেগঘন পোস্টে নীতি লিখেছেন, ‘তিনি ছিলেন একজন স্নেহশীল স্বামী, আমাদের পথপ্রদর্শক এবং পরিবারের স্তম্ভ। তাঁর ভালোবাসা আজীবন আমাদের হৃদয়ে থেকে যাবে। তিনি না থাকলেও তাঁর শিক্ষা, আশীর্বাদ ও সুন্দর স্মৃতিগুলো আমাদের পথ দেখাবে।’
বাবার অনুপস্থিতি যে গভীর শূন্যতা তৈরি করেছে, সেটা কখনও পূরণ হওয়ার নয় বলেও উল্লেখ করেছেন নীতি। তিনি লিখেছেন, ‘তোমার ভালোবাসা চিরকাল আমাদের সঙ্গেই থাকবে। আত্মা শান্তি পাক ওঁর। খুব মনে পড়বে তোমার কথা পাপা।’ নীতির বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন নেহা ধুপিয়া, শ্রেয়স তলপাড়ে, শ্রেয়া ঘোষাল, দিয়া মির্জ়া, অপারশক্তি খুরানা-সহ একঝাঁক তারকা।
গায়িকা শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘তোমার পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। তিনি একজন অত্যন্ত সহজ-সরল, আন্তরিক মানুষ ছিলেন। একজন অভিভাবককে হারানোর শূন্যতা কোনও শব্দ দিয়েই পূরণ করা সম্ভব নয়। ঈশ্বর তোমাকে এবং তোমার পরিবারকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিক। ওম শান্তি।’
