অধিকৃত পশ্চিম তীরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। একই সঙ্গে জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষক ও তাদের জমিতে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে আলজাজিরা জানায়, জেনিনে ১০ জন, হেবরনে শোরুক আল-বাদানসহ কয়েকজন এবং মাসাফের ইয়াত্তার খিরবেত জাওয়াইয়া গ্রাম থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাবলুস ও জেরুজালেমে অভিযান চালিয়ে আরো তিনজনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্যমতে, বৃহস্পতিবার পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় কৃষক ও তাদের জমি লক্ষ্য করে ১৭টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব হামলায় কৃষকদের জমিতে যেতে বাধা দেওয়া, ফসল ও কৃষি সরঞ্জাম চুরি, জলপাইগাছ ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া, হুমকি এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে।
এদিকে, পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের জলপাই সংগ্রহে সহায়তা করতে গিয়ে বুধবার ইসরাইলি বাহিনীর হাতে সাময়িকভাবে আটক হন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রার্থী ব্র্যাড ল্যান্ডার। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও নিন্দা আরো জোরালো হয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
