কালবেলা · আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল
২০/১০/২০২৬

যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, আগের যে কোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে এই ভিসা বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এ তথ্য জানান। খবর আল জাজিরার।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানরত যেসব বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করেছেন, প্রতারণায় জড়িয়েছেন কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছেন, তাদের ভিসা বাতিল করা হয়েছে।
পিগট বলেন, “ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভঙ্গ করা, প্রতারণা করা কিংবা আমাদের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার ক্ষেত্রে বিদেশিদের প্রতি আমাদের কোনো ধরনের ছাড় নেই।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে।
আলজাজিরা এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে।
পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত আগস্টে বাতিল করা ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছিল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১ লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল দপ্তরটি। তখন সেটিকে রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল।
এদিকে, ট্রাম্প প্রশাসন নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও কঠোর নীতি গ্রহণ করেছে। এর আওতায় আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম আরও নিবিড়ভাবে যাচাই এবং নিরাপত্তা যাচাইয়ের পরিধি বাড়ানো হয়েছে।
সূত্র: আলজাজিরা
মূল প্রতিবেদনে যান ↗