নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করার ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অপরজন নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে আব্দুল জলিল সরকার (৫০)। তিনি মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকায় খোলা মাঠের রাস্তা দিয়ে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন—এমন বক্তব্য দিয়ে ১৮ সেকেন্ডের একটি মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে পুলিশ এ বিষয়ে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ওই রাতেই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল সরকারকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতার শহিদুল ইসলাম শহীদ মাইকিংয়ের বিষয়টি জানতেন বলে স্বীকার করেছেন।
এসপি তারিকুল ইসলাম আরও জানান, নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করবে জেলা পুলিশ। মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
