Published : 15 Oct 2026, 06:12 PM
Updated : 15 Oct 2026, 06:12 PM
সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের কফিনে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের কফিনে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের কফিনের পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামাল ও হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান ও মিয়া নুরুউদ্দিন আহমেদ অপুও পুস্পস্তবক অপর্ণ করেন।
বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ ও এজেডএম জাহিদ হোসেন কফিনের পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের আগে তার জানাজা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ডেপুটি স্পিকার কায়সার কামালসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও হুইপরা জানাজায় অংশ নেন।
মুন্সীগঞ্জের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই বুধবার রাত দেড়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৭।
পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে তার।
