
বলিউড তারকা কাজলের কাণ্ড! ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা
তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসেও যে তারকারা সাধারণ মানুষের মতোই, তারই প্রমাণ দিলেন বলিউড অভিনেত্রী কাজল। দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতে হাত মুছতে দেখা গেছে তাকে। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নবমীর সকালে দুর্গাপূজার মণ্ডপে মিষ্টি খেতে খেতে গল্পে মেতে উঠেছেন কাজল। খাওয়া শেষে নিজের শাড়িতেই হাত মুছে নেন তিনি। আর সেই দৃশ্যই ধরা পড়ে ক্যামেরায়।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের এমন সহজ-স্বাভাবিক আচরণ নজর কেড়েছে নেটিজেনদের। তার এই কাণ্ড ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।
বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজল। বাঙালি পরিবারে জন্ম হলেও তার বেড়ে ওঠা মুম্বাইয়ে। তবে দুর্গাপূজার মণ্ডপে তার এই স্বতঃস্ফূর্ত আচরণে বাঙালিয়ানার ছাপ খুঁজে পেয়েছেন অনেক নেটিজেন। তারকাদের চাকচিক্যময় জীবনের বাইরে এমন সাধারণ মুহূর্তই যে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে, কাজলের এই ভিডিও যেন তারই উদাহরণ।
এমনিতেও মুম্বাইয়ে এই মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজার আয়োজনজুড়েই থাকে বাঙালিয়ানার ছোঁয়া। পরিবারের অন্য সদস্যদের মতো কাজলের সাজেও তার প্রতিফলন দেখা যায়। নবমীর সকালে নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের সাজে নজর কাড়েন তিনি।
সামাজিক মাধ্যমে কাজলের এই ভিডিও দেখে অনেকে তাকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ নিজেদের অভ্যাসের সঙ্গে মিল খুঁজে পেয়ে লিখেছেন, ‘এটা তো আমিও করি।’
