গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শহরের সাতমাথায় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে রাদিয়াদ হুসাইন বর্ণ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গাবতলী মডেল থানা পুলিশ।
আজ বুধবার (২১ অক্টোবর) ভোরে বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্ট গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এক ব্যক্তি ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। পরে ওই ব্যক্তির ছবি দেখে তাকে শনাক্ত করে বুধবার ভোর রাতে গাবতলী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রাদিয়াদ হুসাইন বর্ণকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রাদিয়াদ হুসাইন বর্ণ গাবতলী উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে অস্ত্র আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটির অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে এবং কয়েকটি মামলার তদন্তে তার নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন
পুলিশ আরো জানায়, ২০২২ ও ২০২৪ সালে গাবতলী থানায় এবং ২০২৪ ও ২০২৫ সালে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়। এর মধ্যে অস্ত্র আইনের দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। এছাড়া বিস্ফোরকদ্রব্য আইনে করা দুটি মামলার তদন্তে তার নাম সন্দেহভাজন হিসেবে রয়েছে। সে এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিল। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে।
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন বলেন, গতকাল রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।
_1792565785.png&w=1440&q=75)