ফেসবুকে কনটেন্ট কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, তা বোঝার পরিচিত সূচক ‘রিচ’ এ পরিবর্তন আনছে মেটা। এর পরিবর্তে ‘ভিউয়ারস’ নামে নতুন মেট্রিক ব্যবহারের বিষয়টি সামনে এসেছে। আগামী ৩১ অক্টোবর থেকে এই পরিবর্তন কার্যকর হওয়ার খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যম। তবে মেটার বিভিন্ন পরিসংখ্যান ব্যবস্থায় এর কিছু পরিবর্তন আগেই কার্যকর হয়েছে। খবর প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ম্যানিলাশেকার।
এত দিন ফেসবুকে কোনো পোস্ট, ছবি, ভিডিও বা রিলস কতটি আলাদা অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা বোঝাতে ‘রিচ’ মেট্রিক ব্যবহার করা হতো। নতুন ‘ভিউয়ারস’ মেট্রিকের মাধ্যমে কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপ করা যাবে।
তবে পরিবর্তনটি একেবারে নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ব্র্যান্ডওয়াচের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ জুন থেকেই তাদের বিশ্লেষণ ব্যবস্থায় ফেসবুকের ‘রিচ’ মেট্রিকের পরিবর্তে ‘ভিউয়ারস’ তথ্য দেখানো হচ্ছে। সুপারমেট্রিকসও জানিয়েছে, মেটার পরিসংখ্যান ব্যবস্থার পরিবর্তনের কারণে জুন থেকে বেশ কিছু পুরোনো মেট্রিক বন্ধ বা পরিবর্তন করা হয়েছে।
এই পরিবর্তনের প্রভাব পড়বে সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের কাজে। ফেসবুক পেজের কার্যকারিতা পর্যালোচনা, বিজ্ঞাপনের ফলাফল বিশ্লেষণ এবং কনটেন্টের দর্শকসংখ্যা হিসাব করার ক্ষেত্রে এসব মেট্রিক গুরুত্বপূর্ণ।
বিশেষ করে পুরোনো ‘রিচ’ ও নতুন ‘ভিউয়ারস’ তথ্যের হিসাব এক না হলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের তুলনায় পার্থক্য দেখা দিতে পারে। তাই পেজ পরিচালকদের পুরোনো প্রতিবেদন সংরক্ষণ এবং নতুন মেট্রিকের হিসাবপদ্ধতি বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
