- ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
বরোদা: পূর্ণ মেয়াদের ওডিআই ক্যাপ্টেন হিসাবে প্রথম ম্যাচেই দাপটে জিতলেন স্মৃতি মান্ধানা। শুক্রবার কোটাম্বি স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ১৩৭ বল বাকি থাকতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৯ উইকেটে জিতল ভারত। ১৯৮ রানের টার্গেটে ২৭.১ ওভারেই পৌঁছায় স্মৃতি ব্রিগেড (২০০-১)। অপরাজিত ১০০ রানের অনবদ্য ইনিংস উপহার দেন প্রতীকা রাওয়াল। এটি এই ঘরানায় তাঁর তৃতীয় শতরান। ৯৬ বলে ১৫টি চার মারেন প্রতীকা। তিন নম্বরে নেমে ৩৩ বলে ৬৪ রানে নট আউট থাকেন শেফালি ভার্মা। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার ও ৪টি ছক্কা। স্মৃতির সংগ্রহ ৩২। তার আগে জিম্বাবোয়েকে দুশোর আগে থামাতে বড়ো অবদান রাখেন শ্রী চরণি (৪-২৩), ক্রান্তি গৌড় (৩-৪২), দীপ্তি শর্মা (২-৪৪)। আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত রবিবার সিরিজ জয়ের লক্ষ্যে নামবে।
ম্যাচের সেরা প্রতীকা বলেন, ‘দলের জয়ে অবদান রাখার চেয়ে সুখের কিছু হয় না। চোটের পর ফিরে আসা সহজ ছিল না। চোট-আঘাত যে খেলারই অঙ্গ, সেটা মেনে নেওয়া সবচেয়ে জরুরি। তা নিয়ে উদ্বেগে থাকলে লাভ হয় না। জিম্বাবোয়ের বিরুদ্ধে এই শতরান অবশ্য মোটেই নিখুঁত ইনিংস নয়। তবে ব্যাটার হিসাবে তা থেকে শিক্ষা নিয়ে এগনো দরকার। গুরুত্বপূর্ণ হল, যেখানে মারতে চেয়েছি সেখানেই শট গিয়েছে।’ উল্লেখ্য, হাফ-সেঞ্চুরির আগে ক্যাচ দেন প্রতীকা। তবে তা তালুবন্দি করতে পারেননি সিবান্ডা। এরপর আর আটকানো যায়নি ২৬ বছর বয়সি ডানহাতি ওপেনারকে। শেফালির সঙ্গে অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ১০৬ তুলে দলকে জিতিয়ে ফেরেন প্রতীকা।
