যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ ঘটনার সমালোচনা করেন এবং বিশ্বজুড়ে ইউনূসের অবদানের কথা তুলে ধরেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেয়া ওই পোস্টে আসিফ নজরুল বলেন, হুইলচেয়ারে থাকা একজন মানুষকে সামনে গিয়ে ‘টেররিস্ট’ ও ‘ট্রেইটর’ বলে আক্রমণ করায় তার সম্মানহানি হয়েছে, এমন ভাবনা হাস্যকর। তার মতে, এ ধরনের আচরণ মূলত আক্রমণকারীর চিন্তাভাবনার পরিচয় দেয়।
পোস্টে আসিফ নজরুল দাবি করেন, ড. ইউনূসের কাজ ও অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। ভারতের সংসদে তাকে দেয়া সম্মানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা উপলব্ধি করা সমালোচকদের পক্ষে কঠিন।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আসিফ নজরুল আরও বলেন, বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য ও করপোরেট নেতাদের ইউনূসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে দেখেছেন তিনি। তার ভাষ্য, বিমানবন্দরে কেউ অপমানজনক মন্তব্য করলেই ইউনূসের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ন হবে না।
পোস্টের শেষাংশে তিনি ইউনূসকে লক্ষ্য করে করা মন্তব্যগুলোকে অর্থহীন আক্রমণ হিসেবে বর্ণনা করেন এবং এর মাধ্যমে তার সম্মান বা অবদানের ক্ষতি হবে না বলে মত দেন।
নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করার ঘটনার পর আসিফ নজরুলের এই প্রতিক্রিয়া সামনে আসে।
