চাঁদপুরের মতলব উত্তরে পুলিশ অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গানসহ মোঃ ফরহাদ হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২১ অক্টোবর) উপজেলার মোহনপুর ইউনিয়নের চর ওয়েস্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন মোহনপুর ইউনিয়নের চর ওয়েস্টার (ছৈয়াল বাড়ি) এলাকার মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চর ওয়েস্টার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফরহাদ হোসেনকে আটক করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান) উদ্ধার ও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
