জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প (ই-জেএসপি)’ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশনা অনুযায়ী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে সংসদ-সদস্যদের সমন্বয়ে দশ সদস্যবিশিষ্ট ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ এবং আন্না মিন্জ। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহাপরিচালক (বিএন্ডআইটি)।
গঠিত কমিটির কার্যপরিধি হলো ইউএনডিপি কর্তৃক প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প (ই-জেএসপি)’ শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে সুপারিশ প্রদান এবং ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা। এ ছাড়া, প্রয়োজন অনুসারে কমিটি আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
