কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হরিপুর মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জিংলাতলী গ্রামের নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝর্ণা বেগম (৪৮)। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝর্ণা বেগম মহাসড়কের এক পাশ দিয়ে প্রাতঃভ্রমণের লক্ষ্যে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তারা মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুরের কাছে পৌঁছালে অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে ফেলে চলে যায়। এ সময় দুইজনই রাস্তার পাশে নিচে পড়ে যায়। পরে অন্য পথচারীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রেমলাল দাস বলেন, ‘অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী ও স্ত্রীর মৃত্যুর বিষয়টি আমি জানতে পেরেছি। মহাসড়কে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করা হবে।’
